এক বছরে ২২৮৯ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:২০ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৩ সালে প্রায় ২ হাজার ২৮৯ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাই পাণ্য জব্দ করেছে। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধাতু ও রাসায়নিক, মাদক, যানবাহন, অস্ত্র ও কাপড় জব্দ করেছে। এ সময় চোরাকারবারে জড়িত থাকায় ২ হাজার ৩৬৭ জনকে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত এক বছরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার জনকে আটক করা হয়েছে। ২০২২ সালে তারা ১ হাজার ৫৬৫ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করে। সেই হিসেবে ২০২৩ সালে প্রায় ৭২৩ কোটি টাকার বেশি চোই পণ্য জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ বছর জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২৬০ কেজি ৫৬৭ গ্রাম স্বর্ণ, ২৪৬ কেজি ১৪৭ গ্রাম রুপা, দুই লাখের বেশি শাড়ি, এক লাখের বেশি তৈরি পোশাক, বিভিন্ন প্রকার প্রসাধনী ২৭ লাখ পিস, ৪৩টি কষ্টি পাথরের মূর্তি। গত এক বছরে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪৫টি পিস্তল, দুটি রাইফেল, দুটি রিভলভার, ৫৯টি বন্দুক, ১ হাজার ২৪৬ রাউন্ড গুলি, ছয়টি মর্টার শেল ও বিপুল পরিমাণ বিস্ফোরক।

গত বছর বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় দেড় কোটি পিস ইয়াবা বড়ি, ৩৩০ কেজি ৭৯৩ গ্রাম হেরোইন, ১৪৩ কেজি ক্রিস্টাল মেথ আইস, পৌনে দুই লাখ বোতল ফেনসিডিল, তিন লাখ বোতল বিদেশি মদ, ২২ হাজার ২২৯ কেজি গাঁজা, ১৩ কেজি কোকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত