কাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়ে আসর শুরু করবে গতবারের রানার্স আপ দল সিলেট স্ট্রাইকার্স।
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে দেখা যাবে দেশের ক্রিকেটের অভিজ্ঞ মুখ মোহাম্মদ মিথুনকে। শুধু দেখা যাবে না, দলটির অধিনায়ক মাশরাফীর সহকারীর দায়িত্বও পালন করবেন তিনি। তার আগে আজ গণমাধ্যমের সামনে কথা বলেন মিথুন, ‘আমরা দল হয়ে অনুশীলন করেছি। আমাদের বোঝাপড়া ঠিক করে নিয়েছি। দল হিসেবেও আমরা ব্যালেন্স অবস্থায় আছি। দিনশেষে মাঠে যারা ভালো ক্রিকেট খেলবে রেজাল্ট তাদের পক্ষেই যাবে। দল হিসেবে আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। নিজেদের পরিকল্পনায় থেকে প্রতিপক্ষকে কীভাবে আটকে রাখতে পারি সেইটাই চেষ্টা থাকবে আমাদের।
মাশরাফী প্রসঙ্গে তিনি বলেন, ‘মাশরাফী ভাই প্রথম ম্যাচ থেকেই অ্যাভেইলেবল আছেন। তিনি সবসময় দলের সঙ্গে মিশে যান। গতকাল মাঠে এসেই সবার সঙ্গে বন্ডিং তৈরি করে নিয়েছেন। অন্য খেলোয়াড়দেরও তার সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হয় না।’
বিদেশি খেলোয়াড় প্রসঙ্গে বলেন, ‘বিপিএল আয়োজন করাই হয় দেশি খেলোয়াড় তুলে আনার জন্যে। বিদেশি খেলোয়াড়দের মাঝেও সবসময় নিজেদের প্রমাণ করার যথেষ্ট সুযোগ থাকে। আমাদের সব খেলোয়াড়রাও এ বিষয়টা সম্পর্কে জানে। সবাই এ চেষ্টাটাই করে যেন নিজের সেরাটা বিপিএলে দিতে পারে। আমি নিজেও একই চেষ্টাই করি।’
সিলেট স্ট্রাইকার্সের তিনজন বিদেশি ক্রিকেটার দলে যোগ দিয়েছেন। জিম্বাবুয়ের আরও দুজন কাল দলে যোগ দেবেন বলে জানান মিথুন।
