চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এক কেজি স্বর্ণালংকারসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। গত বুধবার মধ্যরাতে বিমানবন্দরসংলগ্ন পতেঙ্গা সড়কে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তিন যুবকের হেফাজত থেকে স্বর্ণালংকারগুলো আটক করা হয়। মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ থেকে অজ্ঞাত যাত্রীর আনা এসব স্বর্ণালংকার শুল্ক গোয়েন্দাদের ফাঁকি দিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে পাচার করছিল আটক ব্যক্তিরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
আটক করা স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৫টি চুড়ি, ৪৯টি আংটি। এ ছাড়া ১টি ল্যাপটপ, ১৯টি মোবাইল ফোন সেট, ১৬ কার্টন ডানহিল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।
এ সময় চালকসহ মাইক্রোবাসে থাকা তিনজনকে আটক করা হয়। আটক তিনজন চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের অ্যান্টি স্মাগলিং কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচএম তানজিমুল ইসলাম মজুমদারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত।
জব্দ করা স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল চট্টগ্রাম কাস্টমস হাউজে এবং আটক ব্যক্তিদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
