তিন দিন আগে কেনা শখের গাড়ি উল্টে প্রাণ গেল

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩ এএম

গাজীপুরের শ্রীপুরে ঘন কুয়াশার কারণে প্রাইভেট কার উল্টে নিহত হয়েছেন এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামের বদনীভাঙা-গাজীপুর আঞ্চলিক সড়কের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িটির চালকও। নিহত মফিজ উদ্দীন মণ্ডলের (৬৫) স্বজনরা জানান, তিন দিন আগে শখ করে গাড়িটি কিনেছিলেন মফিজ উদ্দীন। গতকাল ওই গাড়ির কাগজপত্র নিয়ে রেজিস্ট্রেশন করার জন্য চালক রুবেলকে নিয়ে ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন তিনি।

এদিকে গতকাল গোপালগঞ্জ, গাইবান্ধা ও শরীয়তপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও চারজন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশ রূপান্তরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত

গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি জানান, নিহত মফিজ উদ্দীন মণ্ডল শৈলাট গ্রামের সাবেক ইউপি মেম্বার গোলাম মাওলার ছেলে। তার স্বজনরা জানিয়েছেন, তিন দিন আগে শখ করে গাড়িটি কিনেছিলেন তিনি। গতকাল ওই গাড়ির কাগজপত্র নিয়ে রেজিস্ট্রেশন করার জন্য চালক রুবেলকে নিয়ে ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন তিনি। পথেই গাড়ি উল্টে পুকুরে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক রুবেল মিয়া। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার পরিদর্শক সাখাওয়াৎ হোসেন। তিনি বলেন, মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটিও উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাসুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৫ জন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা যাচ্ছিল। এ সময় বাসটি সোনাসুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় খুলনার রূপসা থানার আলিমুদ্দিনের ছেলে মিজান ও অজ্ঞাত এক নারী নিহত হয় এবং ১৫ জন আহত হয়।

গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ যান ট্রাক্টরের (কাঁকড়া) চাকায় পিষ্ট হয়ে মাহাফুজা আক্তার সিমা নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাফুজা আক্তার সিমা সুন্দরগঞ্জ পৌরসভার মহব্বত হোসেনের মেয়ে। সে স্থানীয় প্রি-ক্যাডেট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি থানায় নিয়ে আসা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি জানান, জেলার ভেদরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সজীব বেপারি (১৫) নামে এক স্কুলপড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের শনিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব চরভাগা ইউনিয়নের মধ্যঢালী কান্দি এলাকার খোরশেদ বেপারির ছেলে। সে বেপারীকান্দি চরভাগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত