সপ্তাহের ব্যবধানে পটুয়াখালীর কুয়াকাটায় চালের মান ও ধরনভেদে প্রতিকেজিতে ৩ থেকে ৫ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
কুয়াকাটা রাখাইন রোড বাজারের খুচরা বিক্রেতা শাহ পরান শুভ বলেন, প্রতিকেজি মোটা চাল ৫৭ টাকা কেজি, পাইজাম চাল ৫৫ টাকা কেজি, স্বর্ণা মোটা ৫০ টাকা কেজি, মিনিকেট ৬৮ থেকে ৭২ টাকা কেজি ও ২৮-বালাম ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মোকামে চালের দাম বেশি তাই বাধ্য হয়েই খুচরা বাজারে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।
অন্যদিকে পাইকারি বিক্রেতা মানিক মিয়া বলছেন, বর্তমানে বাজারগুলোতে ধানের আমদানি খুবই কম। ফলে সব ধরনের ধানের দাম বৃদ্ধি পেয়েছে। ধানের দাম বৃদ্ধির ফলে চালের দাম কিছুটা বেড়েছে।
কুয়াকাটার স্থানীয় বাসিন্দা মামুন শরিফ ও মিরাজ শিকদার বলেন, নির্বাচন যাওয়ার পরে হঠাৎ চালের দাম বেড়েছে। চালের বাজার নিয়ন্ত্রনে সরকারের দ্রত কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিৎ।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, চালের বাজারে অস্থিতিশীলতা কাম্য নয়। এবিষয়ে অভিযান পরিচালনা করছি প্রয়োজনে অভিযান আরও জোরদার করা হবে।
