সাকিব আল হাসান আর তামিম ইকবালের মুখ দেখাদেখি ছিল বন্ধ। ঘটনাটা একটা সময় ছিল ওপেন সিক্রেট। এক সংবাদ সম্মেলন থেকে সেটা প্রকাশ্যে আসে। যদিও দুই ক্রিকেটারের কেউই ততদিন মুখ খুলেননি। তামিম নেতৃত্ব ছেড়ে দিলে সাকিব যখন দায়িত্ব ফের তুলে নেন, তখন বিশ্বকাপে যাওয়ার আগে এক সাক্ষাৎকারে সেটা প্রকাশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। তারপর থেকেই গুঞ্জন ছিল মাঠের ক্রিকেটে আর দেখা যাবে না তাদের। যদিও নগদের একটি বিজ্ঞাপনে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল, তবে সেটা ছিল অনেক আগের তৈরি করা। ফলে এতদিন সেই গুঞ্জনই সত্য হয়েছিল।
তবে সময়ের পরিক্রমায় দুজনের ফের দেখা হচ্ছে মাঠের ক্রিকেটে। তবে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে। বিপিএলে আজ রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল। বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম। রংপুরের হয়ে মাঠে থাকবেন সাকিব।
বিপিএলের গেল দুই আসরের সফল দলগুলোর একটি বরিশাল। ২০২২ সালের অষ্টম আসরের ফাইনালিস্ট ছিল। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ১ রানে হেরে গিয়ে তারা শিরোপা খুইয়েছিল। গত আসরে তারা বিদায় নেয় প্লে-অফ থেকেই। সেই দুই আসরে দলটির নেতৃত্বে ছিলেন সাকিব। এবার সাকিব দল ছেড়ে পাড়ি দিয়েছেন রংপুরে। আর কির্ত্তনখোলা নদী পাড়ের ফ্র্যাঞ্চাইজিটিতে নাম লিখিয়েছেন তামিম।
মাঠের খেলায় প্রতিপক্ষকে কেউ ছেড়ে কথা বলে না। তবে তাদের প্রতিদ্বন্দ্বিতাটা সাকিব-তামিম কি আর একে অন্যকে ছেড়ে কথা বলবেন? সাকিবের জন্যই যে বিশ্বকাপে খেলা হয়নি তামিমের। দেশসেরা ওপেনার কি সেটা সহজে মন থেকে মুছে দিতে পারবেন? এককালের বন্ধু আর বর্তমানের শত্রুকে সাকিবই কি ছেড়ে কথা বলবেন?
কতটুকু বলবেন সেটা জানা যাবে আজ মাঠে। তার আগে তাদের সতীর্থরা কী ভাবছেন, সেটাও জানার কৌতূহল ছিল সবার। আর তাই তো তামিমের বরিশালের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ গতকাল সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলে তার দিকে ছুটে গেছে সাকিব বনাম তামিম নিয়ে প্রশ্ন। তবে সেটা ভালোভাবেই সামলেছেন মিরাজ।
বলেছেন, ‘আমরা তো এই রকম কখনই চিন্তা করি না। আপনি যেটা বললেন সাকিব ভাই ভার্সেস তামিম ভাই যে লড়াই, আপনি যার সঙ্গেই খেলেন না কেন সেটা কিন্তু প্রতিপক্ষ। আপনি যে দলের বিপক্ষে খেলেন না কেন আবার যখন একসঙ্গে খেলেন তখন তো প্রতিপক্ষ না সতীর্থ। তাই ক্রিকেট খেলায় আপনি যারই প্রতিপক্ষ হন না কেন সেই আপনার প্রতিপক্ষ এবং মাঠে কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না। সেটা যেই হোক। আমি যদি আমার কোনো বন্ধুর বিপক্ষে খেলি, তাকে তো ছাড় দেব না। খেলার ভেতর প্রতিপক্ষ প্রতিপক্ষই, বাইরে আবার সবাই বন্ধু- ভাই। খেলায় যেই থাকুক না কেন, সেই প্রতিপক্ষ।’
সাকিবের ছেড়ে আসা বরিশালের হাল যেমন তামিম ধরেছেন, সাকিবও তেমনি মাশরাফীর প্রাক্তনে নাম লিখিয়েছেন। ২০১৭ সালে রংপুর রাইডার্সে নাম লিখিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন মাশরাফী। সেটাই একমাত্র শিরোপা রংপুরের। তারপর আর জেতা হয়নি। এবার সাকিবের হাত ধরে হারানো শিরোপা পুনরুদ্ধার করতে চায় উত্তরবঙ্গের বিভাগটি। আর বরিশালকে জেতাতে মুখিয়ে মিরাজও। কারণ তিনি কখনো এই টুর্নামেন্টে শিরোপা ছুঁয়ে দেখেননি।
