জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং গ্রুপ ৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে উগান্ডায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ঢাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে রওনা হয়ে গতকাল শুক্রবার বিকেলে মধ্য উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান কেনিয়ায় নিযুক্ত ও উগান্ডায় স্বীকৃত বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদ। ন্যামের প্রাক-শীর্ষ সম্মেলন সেশনে যোগদানরত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক মো. এমদাদুল ইসলাম চৌধুরী মন্ত্রীর সঙ্গে রয়েছেন।
আগামী ২২ জানুয়ারি ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।
