রাজবাড়ী পুনরায় রেলের শহর হবে : রেলমন্ত্রী

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০২:১৪ এএম

রেলপথমন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘রাজবাড়ী জেলায় রেলওয়ের সব থেকে বড় মেরামত কারখানা তৈরি করা হবে। এই মেরামত কারখানা তৈরির মাধ্যমে রাজবাড়ী পুনরায় রেলের শহর হিসেবে পরিচিতি পাবে।’

গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বন্ধ হয়ে যাওয়া সকল রেল পুনরায় চালু হচ্ছে। প্রত্যেকটি জেলা রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হচ্ছে। রেল তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।’

রাজবাড়ীতে রেলের বেদখল হওয়া জমি উদ্ধারের বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘আমি আজকে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছিলাম। তারা বলেছে রেলের শুধু জমি না রেলের কোয়ার্টারগুলো বেদখল হয়ে আছে। এই বেদখল হওয়া জমি ও কোয়ার্টারগুলো উদ্ধারের জন্য জোরালোভাবে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’

রেলমন্ত্রী বলেন, ‘ভাঙ্গা-যশোর রেলপথ চালু হলে রাজবাড়ী রুটের দুটি ট্রেন কমে যাবে। সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন তখন ওই রুট দিয়ে যাবে। কিন্তু আমি তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রাজবাড়ীর রুটে নতুন ট্রেন দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে রেলওয়ের ডিভিশন অফিস রাজবাড়ীতে হবে কি না এটা আমি এখনই বলতে পারব না। তবে আমি চেষ্টা করব রাজবাড়ীতে ডিভিশন অফিস করার জন্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত