রাজশাহীর বাঘায় দাফনের এক দিন পর সুকোদা বেওয়া (৯০) নামে এক বৃদ্ধার মরদেহ পাওয়া গেল পাশের বাঁশঝাড়ে। কবর থেকে তুলে তার মরদেহ ফেলে রাখা হয় সেখানে। এ সময় তার কাফনের দুই টুকরা কাপড় পাওয়া যায়নি। গতকাল শনিবার আড়ানী পৌরসভার চকরপাড়া কবরস্থানে এ ঘটনা ঘটে। সুকোদা বেওয়া চকরপাড়া গ্রামের মৃত সলেমান হোসেনের স্ত্রী।
জানা যায়, সুকোদা বেওয়া গত বৃহস্পতিবার দুপুরে বার্ধক্যজনিত কারণে মারা যান। ওইদিন বিকেলে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়। শনিবার ফজর নামাজ পড়ে তার মেজ ছেলে জমির উদ্দিন মায়ের কবরের কাছে যান। কবরে দেওয়া বাঁশ উল্টানো ও মাটি খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে কবর থেকে প্রায় ৩০০ মিটার উত্তর দিকে বাঁশঝাড়ের মধ্যে লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় পাঁচ টুকরা কাফনের মধ্যে বড় দুই টুকরা কাফনের কাপড় পাওয়া যায়নি। পরে পুনরায় কাফনের কাপড় কিনে ওই কবরে তাকে দাফন করা হয়। আড়ানী পৌরসভার স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন হোসেন ঘটনাটি নিশ্চিত করেন।
