রাজধানী ঢাকাসহ সারা দেশের পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে ৮০টি সুপারিশ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। ১০টি শিরোনামে করা এসব সুপারিশের মধ্যে অন্যতম হলো উন্নয়নকাজের ক্ষেত্রে পুরো দেশকে মাস্টারপ্ল্যানের আওতায় আনা, রাজধানী ঢাকার অপরিকল্পিত সম্প্রসারণ রোধ এবং আমার গ্রাম আমার শহর বাস্তবায়ন কাজকে গুরুত্ব প্রদান। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাপা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জানুয়ারি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি তার প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনায় বায়ুদূষণ, শব্দদূষণ, পানিদূষণ, প্লাস্টিক ও পলিথিনদূষণ, পাহাড় কাটা রোধ এবং পরিকল্পিত, বাসযোগ্য নগর গঠনসহ নানাবিধ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নে যাতে কার্যকর সুফল পাওয়া যায়, সে জন্য পরিবেশমন্ত্রীকে সহায়তা করতে ১০০ দিনের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে বাপা ১০টি শিরোনামে ৮০ দফা সুপারিশ করেছে। উল্লেখযোগ্য সুপারিশগুলো হলো : নদ-নদী ও ভূপৃষ্ঠের জলাশয় রক্ষায় সিএস রেকর্ড ধরে সীমানা চিহ্নিত করা। এ ক্ষেত্রে ভরা মৌসুমে নদী প্রবাহের ধারা ব্যবহার করা। একই সঙ্গে জাতীয় নদীরক্ষা কমিশনকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিবর্তে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে ন্যস্ত করা। নদ-নদীতে অপরিশোধিত পয়োনিষ্কাশন বন্ধ করা এবং নদ-নদীদূষণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো ধরনের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান না করা। জ¦ালানি ও পরিবেশ সুরক্ষা শিরোনামে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা পর্যালোচনা করার সুপারিশ করেছে বাপা। সেখানে সৌর ও বায়ুশক্তি ব্যবহারে সর্বাত্মক সম্প্রসারণকে উৎসাহিতকরণের বিষয়ে প্রণোদনার উদ্যোগ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া কৃষি ও গৃহস্থালির বর্জ্য ব্যবহার করে জৈব জ¦ালানি উৎপাদনে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
