সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের (সি ইউনিট) পরীক্ষা হবে আগামী ৮ মার্চ। ৯ মার্চ মানবিক বিভাগের (বি ইউনিট) এবং সর্বশেষ ২৭ এপ্রিল বিজ্ঞান বিভাগের পরীক্ষা (এ ইউনিট) হবে। পরীক্ষার সময় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। জিএসটিতে ২৪টি বিশ^বিদ্যালয় অংশ নেবে। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির প্রথম সভায় এ সূচি চূড়ান্ত করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগের মতো আবেদন ফি দেড় হাজার টাকা ও বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেওয়া হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সব কার্যক্রম শেষ করার বিষয়ে উপাচার্যরা একমত হয়েছেন।
চলতি শিক্ষাবর্ষে তিনটি গুচ্ছে ভাগ হয়ে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় অংশ নেবে বলে ইউজিসি জানিয়েছে। এর মধ্যে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছে আছে ২৪টি বিশ্ববিদ্যালয়। এবার দুটি বিশ্ববিদ্যালয় এ গুচ্ছে নতুন করে যুক্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় দুটি হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে একটি অর্থ কমিটি গঠন করা হয়।
