কুষ্টিয়ার কুমারখালীতে কিশোর গ্যাংয়ের দেশীয় অস্ত্রের আঘাতে চার তরুণ আহত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে কুমারখালী-যদুবয়রা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাজীপাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৫), বাটিকামারা এলাকার শহিদুলের ছেলে সবুজ (২৫) ও বড় মালিয়াট এলাকার খালেক আলীর ছেলে জুয়েল ও তাদের সহপাঠী সম্রাট (২৪)। এদের মধ্যে গুরুতর আহত আরিফুলকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত সম্রাট জানান, রাতে তারা সেতু এলাকায় চা পান করতে গিয়েছিলেন। ওই সময় প্রতিপক্ষের পাপ্পু, তুর্য, রামিম, আলিফসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজন এসে তাদের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
সম্রাট আরও জানায়, কয়েক মাস আগে হামলাকারিদের সঙ্গে তাদের মারামারি হয়েছিল। সেই শত্রুতার জেরে তাদের কুপিয়েছে।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইমরান ও মিল্টন নামের দুজনকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ সভাপতি হারুন অর রশিদের বাড়ি থেকে গভীর রাতে আটক করা হয়েছে।’
