সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কারখানা ও যানবাহন ভাঙচুর করেছেন শ্রমিকরা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল, টিয়ারশেল ও লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। গতকাল সোমবার সকালে উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রমিক, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কোকোলা ফুড প্রডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা বেশ কিছু দিন ধরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি ওই কারখানা কর্র্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় প্রতিদিনের মতো গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করেন। কিন্তু তাদের দাবির বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রমিকরা। পরে উত্তেজিত শ্রমিকরা ওই কারখানায় ভাঙচুর করে বাইরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবস্থান নেন। ওই মহাসড়ক অবরোধ করে বিভিন্ন যানবাহনও ভাঙচুর করেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলার পর আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করি। কিন্তু শ্রমিকরা কোনো কথা না শুনেই কারখানা ভাঙচুরের চেষ্টা চালান এবং মহাসড়কে যানজট সৃষ্টি করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ কারণে পুলিশ অনেকটা বাধ্য হয়েই লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
