মিয়ানমারের জান্তার বিরুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জান্তা বাহিনী যুদ্ধবিরতির কথা বলে মিয়ানমারের শান রাজ্যে ও মান্দালায় এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ইরাবতি।
প্রতিবেদনে বলা হয়, চীনের মধ্যস্থতায় বিদ্রোহীদের সঙ্গে জান্তা সাময়িক যুদ্ধবিরতির কথা বলেও হামলা অব্যাহত রেখেছে। গত রবিবার জান্তা সেনারা শান রাজ্যের মমেইক এবং মান্দালায়ের রত্নখনি ‘রুবি সাম্রাজ্য’ হিসেবে পরিচিত মোগোকে এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। সোমবারও জান্তার দু’টি যুদ্ধবিমান মমেইক এবং মোগোকে এলাকার মাঝের গ্রাম ওয়াল সার কোনে এলাকায় ১০ টি বোমা ফেলেছে। এই তথ্য জানিয়েছে বিদ্রোহীদের জোট ব্রাদারহুড অ্যালায়েন্স।
তারা জানায়, এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই গত ১৮ জানুয়ারিও মোগোকে এলাকার আরেকটি গ্রামে গোলা বর্ষণ করে জান্তা বাহিনী। এতে এক শিশুসহ দুজন বেসামরিক নিহত হন। এ অঞ্চলের ঘরবাড়িও ধ্বংস করে দিয়েছে জান্তা বাহিনী। হামলার মুখে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার বাসিন্দা।
প্রসঙ্গত, চীনের মধ্যস্থতায় গত ১১ জানুয়ারি মিয়ানমারের জান্তার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় বিদ্রোহীদের জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। গত বছরের ২৭ অক্টোবর থেকে মিয়ানমারের চীন সীমান্ত ঘেষা এলাকাগুলোয় একযোগে অপারেশন ১০২৭ শুরু করে জান্তা বিরোধীরা। এখন পর্যন্ত ১৬ টি শহরের দখলও নিয়েছে তারা।
