রাজবাড়ীতে জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের অভিযোগ চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে।
মারা যাওয়া কয়েদির নাম শহিদুল ইসলাম (৪৩)। তার বাবার নাম আবুল বিশ্বাস। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা।
কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, ভোরে শহিদুল নামে এক কয়েদির বুকে ব্যথা হচ্ছে বলে আমাদের জানায়। তাকে প্রথমে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।
শহিদুলের ছোট ভাই রেজাউল বিশ্বাস বলেন, ‘আমার ভাই সম্পূর্ণ সুস্থ ছিলেন। সকালে আমাদের কাছে ফোন আসে আমার ভাই অসুস্থ। রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি। আমরা এসে দেখি হাসপাতালের মর্গে আমার ভাইয়ের লাশ পড়ে আছে। তিনি অভিযোগ করেন, ‘চিকিৎসার অভাবে আমার ভাই মারা গেছেন। যথাসময়ে তাকে চিকিৎসা দেওয়া হলে এমন ঘটনা ঘটত না। আমরা এর বিচার চাই।’ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক পাটোয়ারি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে তিনি মারা গেছেন।’
