গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল। গতকাল মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত তারকা ফুটবলার মো. আবদুল গাফফার, রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান পলাশ, দেশ রূপান্তর ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী দীর্ঘক্ষণ দেশের আবাসন খাত নিয়ে আলোচনা করেন। মন্ত্রী বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে প্রচেষ্টা চালানোর পরিকল্পনার কথা জানান। এ সময় বেসরকারি খাতের পক্ষ থেকে টেকসই আবাসন নির্মাণে আগের মতো সরকারের সহযোগী হিসেবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।
