চেনা সৈনিক চেতেশ্বর পুজারা থেকে ঘরোয়া ক্রিকেটে আলোড়ন তোলা সারফারাজ খান, সঙ্গে আরও বেশ কজনের নাম ছিল আলোচনায়। শেষ পর্যন্ত সুযোগটি পেলেন রজত পতিদার। বিরাট কোহলির বদলি হিসেবে ভারতের টেস্ট দলে যুক্ত করা হলো ৩০ বছর বয়সীকে। হায়দ্রাবাদে কাল থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৫ ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরি করেছেন মধ্য প্রদেশের এই ব্যাটসম্যান। ৪৫.৯৭ গড়ে তার রান ঠিক ৪ হাজার।
তার ক্যারিয়ার রেকর্ড তো যথেষ্টই ভালো, তবে এবার দলে ডাক পাওয়ায় ভূমিকা রেখেছে তার সবশেষ ম্যাচটির পারফরম্যান্স। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে শনিবার শেষ হওয়া আনঅফিসিয়াল টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলে খেলা তিন বোলার সমৃদ্ধ লায়ন্সের বোলিং আক্রমণে বিপক্ষে ভারতীয়রা ২২৭ রানে অলআউট হয়ে গেলেও পতিদার একাই করেন ১৯ চার ও ৫ ছক্কায় ১৫৮ বলে ১৫১।
গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে ওয়ানডে অভিষক হয় পতিদারের। সেই ম্যাচে ওপেন করে আউট হন ১৬ বলে ২২ রান করে। টেস্ট অভিষেকের সম্ভাবনা অবশ্য খুব একটা নেই তার। বাড়তি ব্যাটসম্যান হিসেবেই আপাতত থাকবেন দলের সঙ্গে।
×
