টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে ইংল্যান্ডের প্রতি সতর্কবার্তাই যেন দিয়ে রাখলেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় পেসারের মতে, তাদের দেশের কন্ডিশন ও উইকেটে আগ্রাসী ব্যাটিং করা মানে নিজেদের বিপদ ডেকে আনা। তবে তাতে ভড়কে যাচ্ছে না ইংল্যান্ড। ইংলিশ ফাস্ট বোলার মার্ক উড জানিয়ে দিলেন, ভারতেও ‘বাজবল’ ক্রিকেটের বিজয় কেতন ওড়াতে চান তারা।
ভারত-ইংল্যান্ডের তুমুল আলোচিত এই সিরিজের আগে আলোচনা তুঙ্গে ‘বাজবল’ নিয়েই। ভারতের মাঠে ইংল্যান্ড এই ঘরানার ক্রিকেট খেলবে কি না বা খেললেও তা কতটা কার্যকর হবে, এসব নিয়ে কথার ঝড় বইয়ে দিচ্ছেন বর্তমান-সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞরা।
‘বাজবল’ ঝড়ের সামনে যাদেরকে পড়তে হবে, তাদেরই একজন সিরাজ। তবে জিও সিনেমায় আলাপচারিতায় ভারতীয় পেসার বললেন, ইংল্যান্ড এই কৌশলে এগোলে ম্যাচ শেষ হয়ে যাবে দ্রুতই। 'ভারতীয় কন্ডিশনে যদি ইংল্যান্ড ‘বাজবল’ খেলে, ম্যাচ শেষ হয়ে যেতে পারে দেড় বা দুই দিনেই। এখানে সবসময় আক্রমণাত্মক শট খেলা সম্ভব নয়, কারণ উইকেটে কিছু বল টার্ন করে, কিছু আবার সোজা যায়, স্কিড করে। এখানে বাজবল দেখতে পাওয়াটা কঠিন হবে বলেই আমার মনে হয়।'
কসপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় ইনিংসে ১৫ রানে ৬ উইকেট শিকারী পেসার বলেন, 'তবে তারা যদি সত্যিই এভাবে খেলে, আমাদের জন্যই ভালো। ম্যাচ হয়তো দ্রুত শেষ হয়ে যাবে।'
সেরকম কিছুর শঙ্কা অবশ্য ইংল্যান্ড দেখছে না। বরং বাজবল ক্রিকেটেই তারা দেখছে সম্ভাবনা। সেই ২০১২ সালে অ্যালেস্টার কুকের ইংল্যান্ড দল ভারতে সিরিজ জিতেছিল। এরপর গত সাড়ে ১১ বছরে আর কোনো দল ভারতে টেস্ট সিরিজ জিততে পারেননি। এবারও ফেভারিট রোহিত শার্মার দলই। তবে বাজবল দিয়েই ভারতীয় দুর্গে নাড়া দিতে চান তারা, বললেন ইংলিশ ফাস্ট বোলার মার্ক উড, 'মনে হয় না, আমরা রক্ষণাত্মক হব। আমরা দাপুটে ক্রিকেটই খেলতে চাইব। অবশ্যই কিছুটা চাপ সইতে হবে আমাদের এবং মাঠে কিছুটা নাটকীয়তা তৈরি করতে হবে এবং তার পর সময় হলে, আবার আক্রমণ করতে হবে।'
উড জানেন ভারতের মাটিতে খেলা কতটা চ্যালেঞ্জের, 'ভারত দেশের মাঠে হারে খুব কমই। আমাদের জন্য ব্যাপারটি অনেকটা ফ্রি হিটের মতো, এখানে এসে আমরা চেষ্টা করে দেখছি ভিন্ন কিছু করা যায় কি না।'
কাল থেকে হায়দ্রাবাদে ৫ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে।
