ইউক্রেনের ৬৫ যুদ্ধবন্দিসহ ৭৪ আরোহী নিয়ে রুশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার বেলগোরদ অঞ্চলে বিধ্বস্ত ওই উড়োজাহাজের সব আরোহীই নিহত হয়েছেন। গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইলিউশিন-৭৬ পরিবহন বিমানটিতে ইউক্রেনীয় বাহিনীর ৬৫ জন বন্দি ছিলেন, যাদের বিনিময় করার জন্য নেওয়া হচ্ছিল। তারা ছাড়াও ছয়জন ক্রু এবং তিনজন নিরাপত্তাকর্মী ছিলেন ওই ফ্লাইটে। ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলে সেটি বিধ্বস্ত হয়। স্থানীয় বেল্টগোরদ চ্যানেলে একটি ভিডিও প্রচার করা হয়েছে; যেখানে দেখা যায়, একটি উড়োজাহাজ দ্রুত নেমে আসে এবং মাটিতে বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়। সামরিক ওই উড়োজাহাজের সব আরোহী মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ভিয়াচেসøাভ গ্লাদকভ।
×
