বড়াইগ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ এএম

নাটোরের বড়াইগ্রামে বিরোধপূর্ণ জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার রয়না ভরট গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়না ভরট গ্রামের আল আমিন, আলম হোসেন, আল আমিনের স্ত্রী সাবিনা খাতুন, রবিউল করিম, বানছের আলীর ছেলে মোজাম্মেল হক ও মেয়ে কামরুন্নাহার, রুবিনা খাতুনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, সোয়া আট শতাংশ জমির দখল নিয়ে বানছের আলী ও আল আমিনের মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলে আসছে। বুধবার আল আমিন লোকজন নিয়ে ওই জমিতে ঘর তুলতে যান। বানছের আলীর ছেলেরা এতে বাধা দেন। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই পক্ষের ১০ জন আহত হন। 

বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত