খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দুর্গম দূরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও একজন।
নিহতরা হলেন দূরছড়ি গ্রামের প্রিয় মোহন চাকমার ছেলে রবি কুমার চাকমা (৬৫) ও কমলছড়ি ইউনিয়নের দাতকূপ্যা গ্রামের মোহনী মোহন চাকমার ছেলে শান্ত চাকমা ওরফে বিমল (৫২)। আরও আহত হয়েছেন গুইমারা উপজেলার সিন্দুকছডি ইউনিয়নের জগনা পাড়া (পক্ষীমুডো) গ্রামের রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২)। হতাহতরা সবাই ইউপিডিএফ সদস্য বলে দাবি করেছেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা।
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজে মহালছড়ির দূরছড়িতে অবস্থান করছিলেন হতাহত তিন ইউপিডিএফ সদস্য। সকালে হঠাৎ সন্ত্রাসীরা হামলা চালালে দুজন ঘটনাস্থলেই নিহত হন। তিনি এ ঘটনার জন্য তাদের প্রতিপক্ষ সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেন।
অবশ্য ইউপিডিএফ গণতান্ত্রিক এর সভাপতি শ্যামল চাকমা তরু অভিযোগ অস্বীকার করে বলেন, যে এলাকায় হামলার এই ঘটনা ঘটেছে সেখানে তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই।
মহালছড়ি থানার ওসি নাসির উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
