টাঙ্গাইলের সদর ও কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে সেনাবাহিনীর এক সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কালিহাতীর ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের আনালিয়াবাড়ী রেলসেতুর কাছ থেকে সেনা সদস্য ফখরুল ইসলামের (২০) মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুপূূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন। তিনি জানান, ফখরুল বগুড়া ক্যান্টমেন্টে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। ফখরুল ছুটি শেষে বগুড়া ক্যান্টমেন্টে ফিরছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। রাতের কোনো এক সময় তিনি ট্রেনে কাটা পড়েন। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সদর উপজেলার পয়লা এলাকায় ভোরে ট্রেনে কাটা পড়ে এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, ওই নিরাপত্তা প্রহরীর নাম খন্দকার আবুল কালাম (৪২)। তিনি দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।
