বন্যপ্রাণী রক্ষায় প্রশংসা কুড়াচ্ছে পুলিশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৩১ এএম

ইন্টারপোল আন্তর্জাতিকভাবে বন্যপ্রাণীর বিলুপ্তি ও পাচার প্রতিরোধে বিশ্বব্যাপী ‘অপারেশন থান্ডার ২০২৩’ শিরোনামে ইন্টেলিজেন্স-লেড অপারেশন পরিচালনা করেছে। বাংলাদেশ পুলিশ এ কার্যক্রমে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত বছর সারা দেশে ২৪টি অভিযান চালিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘অপারেশন থান্ডার ২০২৩’ কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত বছর ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, সিরাজগঞ্জ, ফেনীসহ দেশব্যাপী ২৪টি অভিযানে বিপন্ন প্রজাতির ভালুক শাবক, হগ ব্যাজার (গোর খোদক), হনুমান, উল্লুক, সুন্ধি কাছিম, রাজধনেশ, কোকিল, টিয়া, ময়না, কাঠবিড়ালি, পেঁচা ও লজ্জাবতী বানরসহ অন্যান্য প্রাণী উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এশিয়া প্যাসিফিক অঞ্চলে বন্যপ্রাণী রক্ষা ও পাচার প্রতিরোধ-সংক্রান্ত ঘটনা শনাক্তে (কেস রিপোর্ট) বাংলাদেশ পুলিশ সর্বোচ্চসংখ্যক সাফল্য অর্জন করেছে। অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রগুলো পার্শ্ববর্তী দেশ মিয়ানমারসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী সংগ্রহ করে। পরে দেশের দক্ষিণাঞ্চলকে (খুলনা-সাতক্ষীরা) বন্যপ্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত