প্রয়াত হলেন ‘স্টার ট্রেক’ খ্যাত জনপ্রিয় আমেরিকান অভিনেতা গ্যারি গ্রাহাম। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেতার মৃত্য হয় বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ওয়াশিংটনের একটি হাসপাতালে অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন গ্যারির স্ত্রী বেকি গ্রাহাম।
গ্যারির প্রাক্তন স্ত্রী ফেসবুকে অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে শোকবার্তা জানিয়েছেন। তিনি লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রাক্তন স্বামী এবং আমাদের একমাত্র সন্তান হেইলি গ্রাহামের বাবা গ্যারি গ্রাহাম প্রয়াত হয়েছেন।’
১৯৭৯ সালে ‘হার্ডকোর’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন গ্যারি। ‘রোবট জোক্স’, ‘দ্য জ্যাকল’, ‘অল দ্য রাইট মুভস’- সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি অভিনয় করেছেন একাধিক টিভি সিরিজে। তবে দর্শক তাকে মনে রেখেছেন ‘স্টার ট্রেক’ সিরিজের জন্য।
১৯৯৫ সালে টিভির জন্য তৈরি সিরিজ ‘স্টার ট্রেক: ভয়জার’-এ গ্যারি ওকাম্পান জাতির দলপতি টানিসের চরিত্রে অভিনয় করেন। ২০০১ থেকে পরবর্তী পাঁচ বছর ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ’ সিরিজে ভালকান অ্যাম্বাসেডর সোভালের চরিত্রে অভিনয় করেন তিনি। এ ছাড়াও অনুরাগীদের তৈরি ‘স্টার ট্রেক’-এর একাধিক ছবি ও সিরিজে অভিনয় করেছিলেন। কল্পবিজ্ঞান সিরিজ ‘এলিয়েন নেশন’-এ গোয়েন্দা ম্যাথ্যু সাইকসের চরিত্রে তার অভিনয় দর্শক এখনও মনে রেখেছেন।
