কিংসের সপ্তম নাকি আবাহনীর প্রথম

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১২:৩৩ পিএম

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় ম্যাচটি হতে যাচ্ছে আজ। দুই পরাশক্তি বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড মুখোমুখি হবে সেখানে। চার রাউন্ডের সবক’টি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সর্বশেষ চার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আবাহনীর লিগের শুরুটা মোটেই মসৃণ হয়নি। প্রথম দুই ম্যাচে পাঁচ পয়েন্ট হারিয়ে শুরু। রহমতগঞ্জের সঙ্গে ১-১ ড্রয়ের পর ফর্টিজ এফসির কাছে ১-০ গোলের লজ্জা। তবে শেষ দুই ম্যাচে শেখ জামাল ধানম-ি ক্লাবকে ১-০ ও শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৩-১ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে তিনে উঠে আসে ধানম-ি জায়ান্টরা। কিংসের সঙ্গে ব্যবধান কমাতে তাই ঘরের মাঠে আজ জয়ের বিকল্প নেই আকাশিদের সামনে। লিগের ইতিহাসে কিংসকে কখনোই হারাতে পারেনি আবাহনী। ঘরেরা মাঠে আজ তাই সেই প্রথমের স্বাদ নেওয়ার সুযোগ তাদের। অন্যদিকে কিংস মাঠে যাবে চিরবৈরীর বিপক্ষে আট ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এগিয়ে নিতে।  

২০১৭-১৮ মৌসুমে শীর্ষ ফুটবলে অভিষেকের পর থেকে খেলা চার লিগে একবারও আবাহনীর কাছে হারেনি কিংস। ৮ ম্যাচে জিতেছে ৬টিতে। ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। সর্বশেষ লিগে দুবারই জয়ের হাসি হেসেছে তারা।

স্বাধীনতা কাপের সেমিফাইনালে এই কিংসের কাছেই আবাহনীকে লজ্জা পেতে হয়েছে ৪-০ গোলে হেরে। এরপর লিগে নড়বড়ে শুরু। সব মিলিয়ে দিয়েগো ক্রুসিয়ানির জন্য কাজটা হয়ে উঠেছে কঠিন। যদিও অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ আজকের ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী, ‘শুরুতে আমরা গুছিয়ে উঠতে একটু সময় নিয়েছি। তবে দিন যত গড়িয়েছে দল ভালো খেলতে শুরু করেছে। লিগের দুই ম্যাচের পাশাপাশি আমরা ফেডারেশন কাপেও জিতেছি। এই ধারাটা অব্যাহত রেখে কিংসকে চ্যালেঞ্জ জানাতে চাই। তারা অবশ্যই ভালো দল। তবে তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে।’

কিংসের বিপক্ষে লিগে প্রথম জয় পেতে হলে জ্বলে উঠতে হবে আবাহনীর ভিনদেশিদের। বিশেষ করে আক্রমণভাগে নিখুঁত থাকতে হবে ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্রান্দাও, সেন্ট ভিনসেন্ট ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট ও ব্রাজিলিয়ান প্লে-মেকার জোনাথন ফার্নান্দেজকে আটকানোর চ্যালেঞ্জটা নিতে হবে কিংসের শক্তিশালী রক্ষণভাগকে। কর্নেলিয়াস ৩ গোল পেয়েছেন আগের চার লিগ ম্যাচে। জোনাথনের আছে দুই গোল। তবে গোল না পেলেও গোলের জোগান দেওয়া ও গতির কারণে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখছেন ওয়াশিংটন।

আবাহনীর রক্ষণের জন্য চ্যালেঞ্জটা আরও বড়। দারুণ ফর্ম নিয়ে গোপালগঞ্জ গেছেন কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ। চার লিগ ম্যাচে করে ফেলেছেন সাত গোল। সর্বশেষ শেখ জামালের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। তাছাড়া তাকে বলের জোগান দেওয়ার পাশাপাশি দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলিয়ান অধিনায়ক রবসন রবিনহো এবং রাইট উইঙ্গার রাকিব হোসেন। দুজনই করেছেন ৩টি করে গোল। আর ব্রাজিলিয়ান প্লে-মেকার মিগেই ফিগেইরা তো আছেনই। সব মিলিয়ে কিংসের আক্রমণ সুনামি ঠেকাতে আবাহনীর রক্ষণকে থাকতে হবে নির্ভুল।

কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনও জানেন, আবাহনীর বিপক্ষে অপরাজিত রেকর্ড এগিয়ে নিতে তার শিষ্যদের খেলতে হবে নির্ভুল ফুটবল। লিগ ও ফেডারেশন কাপ মিলিয়ে আবাহনী টানা তিন ম্যাচ জয় পাওয়ায় ব্রুজোনকে থাকতে হচ্ছে সতর্ক। সে কথা উল্লেখ করে কিংসের এই সফল কোচ বলেন, ‘টানা তিন ম্যাচ জেতার প্রভাবে আবাহনী এখন অনেকটাই গোছানো দল। তারা তাদের কোচের গেম পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে এবং শুরুর ধাক্কা সামলে কক্ষপথে ফিরে এসেছে। আগামীকাল এটা নিশ্চিত যে এটা হতে যাচ্ছে আমাদের জন্য একটা কঠিন লড়াই। তবে আমরা মাঠে যাব নিজেদের সেরা প্রমাণ করতে। কারণ আমরাও ভালো ছন্দে আছি এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখতে আমাদের নিজেদের খেলাটাই খেলতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত