সপ্তম শ্রেণির বই থেকে ‘শরীফার গল্প’ অংশটি বাদ দিতে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান শিক্ষা সচিব এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবির) চেয়ারম্যানের উদ্দেশে এ নোটিস পাঠান। এতে নোটিস পাওয়ার ৩০ দিনের মধ্যে এ গল্প বাদ দেওয়া, সব শিক্ষাপ্রতিষ্ঠান ও বইয়ের দোকান থেকে এই বই প্রত্যাহারসহ ছাত্র-ছাত্রীদের সংশোধিত বই সরবরাহের দাবি জানানো হয়েছে। ব্যত্যয় হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী।
নতুন শিক্ষাক্রমে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অংশে হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে জনসচেতনতামূলক একটি পাঠ রয়েছে। সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খ-কালীন শিক্ষক আসিফ মাহতাব (ইতিমধ্যে চাকরিচ্যুত) এক অনুষ্ঠানে বইয়ের এই অংশের পাতা ছিঁড়ে ফেলেন।
