নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যে গত বৃহস্পতিবার এই দন্ড কার্যকর হয়। আসামির নাম কেনেথ স্মিথ।
কেনেথ স্মিথের মৃত্যুদন্ড কার্যকর নিয়ে অতীতে জটিলতা তৈরি হয়েছিল। ২০২২ সালে জীবননাশক ইনজেকশন প্রয়োগ করে কেনেথের দন্ড কার্যকর করতে গিয়েও ব্যর্থ হয় কর্তৃপক্ষ। অঙ্গরাজ্যের প্রশাসন দন্ড কার্যকরের পদ্ধতি পুনর্মূল্যায়নের নির্দেশ দেন। নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে দন্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই আসামির মৃত্যুদন্ড কার্যকর করা শুরু হয়। দন্ড কার্যকরের আগে স্মিথ কথা বলার সুযোগ পান। এ সময় তিনি বলেন, ‘আজ রাতে আলাবামা কর্তৃপক্ষ মানবিকতাকে এক ধাপ পেছনে টেনে নিয়ে গেল।’
