‘পদ্মশ্রী’ পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:১০ এএম

নন্দিত কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক ‘পদ্মশ্রী’ সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস নোটে ২০২৪ সালের পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করেছে।

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ বছরের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করে দেশটির কেন্দ্রীয় সরকার। এ বছর পদ্ম পুরস্কারের তিন বিভাগ ‘পদ্ম বিভূষণ’, ‘পদ্ম ভূষণ’ ও ‘পদ্মশ্রী’ প্রাপ্ত হিসেবে ১৩২ জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ৫ জন ‘পদ্ম বিভূষণ’, ১৭ জন ‘পদ্ম ভূষণ’ এবং ১১০ জন ‘পদ্মশ্রী’ পদক পাবেন।

প্রতি বছর মার্চ-এপ্রিলে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি এ সম্মাননা প্রদান করে থাকেন।

সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি রবীন্দ্র সংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন। রেজওয়ানা চৌধুরী বন্যা শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সংগীতের তালিম নেন।

শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, গোরা সর্বাধিকারী, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, অশেষ বন্দ্যোপাধ্যায়দের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত