পলিথিন জমা দিয়ে কম্বল পেল শিশুরা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:২০ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ ক্ষতিকারক পলিথিন জমা দিয়ে শীতার্ত শিশুরা পেল কম্বল। স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন’-এর কিছু তরুণদের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে উপজেলার বড়মাছুয়া আশ্রয়ণ প্রকল্পের প্রায় অর্ধশতাধিক শিশুর মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় শিশুরা ছড়িয়ে-ছিটিয়ে যত্রতত্র পড়ে থাকা পলিথিন ব্যাগ কুড়িয়ে এনে সেগুলোর বিনিময়ে কম্বল উপহার নেয়।

আশ্রয়ণের শিশু মনির বলে, ‘আমাগো এলাকায় এবার অনেক শীত। আমরা দুই ভাই একটা কম্বল গায়ে দেতাম, এহন দুইজনার দুইডা কম্বল অইচে, আমরা পলিব্যাগ টোহাইয়া হেইয়া দিয়া কম্বল পাইছি।’

আশ্রয়ণের বাসিন্দা মো. বিপ্লব আকন বলেন, ‘পলিথিনের বিনিময় কম্বল পেয়ে শিশুরা অনেক খুশি। পাশাপাশি আমরা পলিথিন ও পরিবেশ সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি। আমরা পলিথিন ব্যবহার কমিয়ে দেব।’

স্বপ্নের মুক্তি ফাউন্ডেশনের পরিচালক আবদুল্লাহ আল অভি বলেন, পরিবেশ সুরক্ষায় শিশুদের সচেতন করার লক্ষ্যে পলিব্যাগের বিনিময়ে কম্বল উপহার একটা সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন। ‘উষ্ণতার ছোঁয়া প্রকল্প’ নামে এ ক্যাম্পেইনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুরা পরিবেশ সুরক্ষায় সচেতন হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত