চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
গতকাল শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এস এম আল মামুন, স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক খুরশিদ আলম, পরিচালক (প্রশাসন) ডা. সামিউল ইসলাম, সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ প্রমুখ।
মন্ত্রী জরুরি বিভাগ, অপারেশন থিয়েটারসহ রোগীদের ওয়ার্ড ঘুরে দেখেন। নিজের ডায়াবেটিস পরীক্ষা শেষে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সামন্ত লাল সেন।
এ সময় মন্ত্রী জানান, সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহাসড়কের পাশে হাওয়ায় এখানে প্রায় সময়ই দুর্ঘটনায় আহত রোগী এসে থাকেন। এ কারণে এখানে ট্রমা সেন্টারের প্রয়োজনীয়তা রয়েছে। আলাদা করে ট্রমা সেন্টার স্থাপন সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। তাই আলাদা ভবন না করে স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারকে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে উন্নত করা হবে। যাতে দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। এ ছাড়া সংসদ সদস্যের দাবির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
