সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে ‘শরীফা’র গল্প বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ মিছিল বের করে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। মিছিলটি পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।
‘বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও ট্রান্সজেন্ডারকে প্রোমোট’ করার প্রতিবাদে এ মিছিলের আগে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘দেশের নতুন শিক্ষা কারিকুলামে ট্রান্সজেন্ডারদের কার্যকলাপ প্রচারের মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসে আঘাত করা হয়েছে। তাই বিতর্কিত এই কারিকুলাম পরিবর্তন করতে হবে।’
বর্তমান শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এ দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শিক্ষা কারিকুলামের মধ্যে মুসলিমের ইতিহাস ছিল। আবু বকরের (রা.) ইতিহাস ছিল, ওমরের ইতিহাস ছিল। ড. শহীদুল্লাহর হাজারো গল্প ছিল। কিন্তু এগুলোকে আজ বিলীন করা হচ্ছে। ওরা (ভারত) জানে কাঁটাতারের বেড়াই বড় সীমান্ত নয়, এদেশের বড় সীমান্ত হলো মুসলমান। যদি এদেশের মুসলমানকে নষ্ট করা যায়, তাহলে কাঁটাতারে বেড়া থাকবে না। এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে।’
