প্রথম বিভাগে মঈনুলের ডাবল সেঞ্চুরি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪৩ পিএম

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে আজ ব্যাট হাতে দারুণ এক নৈপুণ্য দেখিয়েছেন মঈনুল হোসেন। উত্তরা ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে ১৬টি করে ছয়-চারের মারে ১৩৪ বলে ২০১ রানের ইনিংস খেলেন লালমাটিয়া ক্লাবের এ ব্যাটসম্যান। বিকেএসপির ৪ নম্বর মাঠে এ বিধ্বংসী ডাবল সেঞ্চুরির ইনিংস উপহার দেন তিনি।

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩১৯ রান তোলে লালমাটিয়া। জবাবে উত্তরা অলআউট হয় মাত্র ১৪৮ রানে। ১৭১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে মঈনুলের দল লালমাটিয়া। ৪৭ বলে ফিফটিতে পৌঁছানো মঈনুল সেঞ্চুরি করেন ৭০ বলে। ১৩৩তম বলে ডাবল সেঞ্চুরি হাঁকান মঈনুল। পরের একশ করতে তার খরচ হয় ৬৩ বল।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে একই মাঠে প্রথম বিভাগ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছিলেন আজমীর আহমেদ। ওই মৌসুমে তিনি অগ্রণী ব্যাংকের হয়ে খেলেন। উদয়াচলের বিপক্ষে আজমীরের ১৬৮ বলে ২২২ রানের ইনিংসও ছিল ১৬টি চার ও ছক্কায় সাজানো।

২০১৯ সালের এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে আবাহনীর হয়ে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন সৌম্য সরকার। এটিই লিস্ট ‘এ’ স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি। ১৬ ছয় ও ১৪ চারে ১৫৩ বলে ২০৮ রান করেছিলেন সৌম্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত