সহকর্মীর মারধরে প্রাণ গেল পোশাকশ্রমিকের!

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৪৪ এএম

রাজধানীর উত্তরায় একটি পোশাক তৈরির কারখানায় সহকর্মীর মারধরে সজীব (১৭) নামে এক শ্রমিক নিহতের অভিযোগ উঠেছে। তাকে মারধরের কারণ জানেন না বলে দাবি অন্য সহকর্মীদের।

গতকাল সকাল ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের বটতলা এলাকায় এসএ ফ্যাশন পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সজীব ওই কারখানায় হেলপার হিসেবে কাজ করত। সে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার শাহেদ আলীর ছেলে। পরিবারের সঙ্গে দক্ষিণখান মুন্সি মার্কেট এলাকায় থাকত। তার বাবা রিকশাচালক এবং মা অন্যের বাসায় কাজ করেন।

সজীবের সহকর্মী মো. সবুজ জানান, সকালে কারখানায় যাওয়ার পর মাহিম (২০) নামে তাদের এক সহকর্মী সজীবকে ডেকে কারখানার গেটের পাশে নিয়ে যায়। এরপর সেখানে তাকে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে সজীব অচেতন হয়ে পড়লে মাহিম দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। দক্ষিণখান থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ওই পোশাক কারখানার শ্রমিক মাহিমকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত