কারও দয়ায় চলি না

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:৩৭ এএম

মাদক ও অপরাধ নির্মূল করে ‘ক্লিন নারায়ণগঞ্জ’ গড়ার প্রত্যাশায় সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ডাকা সমাবেশে আমন্ত্রণ জানানোর পরও জেলা ও পুলিশ প্রশাসনের কেউ না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেন, ‘রাত ১২টার সময় পাঁচ লাখ লোক নামানোর ক্ষমতা শামীম ওসমান রাখে, ইনশা আল্লাহ। নামার পর যদি জনগণ বলে আমরা কাউকে এখানে চাই না, তাহলে কিন্তু কারও এখানে থাকার উপায় নেই। আগের মেজাজ থাকলে এখনই বলে দিতাম। বয়স হয়েছে ৬২, তাই ৬২ হিসেবে বক্তব্য দিলাম, ২৬ বানায়া দিয়েন না কিন্তু। সাবধান থাকবেন সবাই।’

গতকাল শনিবার বিকেলে নগরীর ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে যারা আছেন, সবাইকে মনে রাখতে হবে আমার নাম শামীম ওসমান। আমি কারও দয়ায় চলি না। আমি কারও দয়ায় চলার লোক না। আমার নেত্রী শেখ হাসিনা কারও কাছে মাথানত করেন না। আমি রাজপথ থেকে সৃষ্টি হওয়া মানুষ, রাজপথে শেষ হব।’

অভ্যন্তরীণ কোন্দলের ফলে অনেকে সুযোগ নিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নারায়ণগঞ্জে অনেকে সুযোগ নিয়ে চলে যাচ্ছেন।’

মাদকবিরোধী সভায় প্রশাসনের কর্মকর্তাদের অনুপস্থিতি প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘যে প্রশ্ন আজকে সাংবাদিক, আইনজীবীসহ সবাই করেছেন। নারায়ণগঞ্জ প্রশাসনের অন্তত একজনকেও যারা এখানে আসতে দেন নাই কিংবা আসেন নাই কেনÑ এ প্রশ্ন যদি এখানে করি তাহলে আপনারা ভাববেন শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রশ্ন করেছে। আমি শামীম ওসমান জীবিত থাকলে, এই প্রশ্ন আমি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সামনে করব। যারা জনগণের সেবক হিসেবে জনগণের চাকরি করে এই নারায়ণগঞ্জে এসেছেন আজকে তারা এখানে অনুপস্থিত কেন?  আমি মাথানত করার মানুষ না। এমন কোনো কাজ করি নাই যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। ৪২ লাখ টাকা উদ্ধার হয় যাত্রাবাড়ীতে, দেখানো হয় ফতুল্লায়। আমি জেলা প্রশাসককে সভায় উপস্থিত থাকার জন্য বারবার বলেছি। আমি পুলিশ প্রশাসনকে নিমন্ত্রণ করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত