স্বতন্ত্রই থাকবেন স্বতন্ত্ররা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪০ এএম

দ্বাদশ সংসদে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা (এমপি) স্বতন্ত্রই থাকবেন। তারা সরকারের উন্নয়ন কর্মকা-ে সহযোগিতা করবেন। আবার গঠনমূলক সমালোচনা করতে পারবেন। গণভবনে স্বতন্ত্র এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার আরেক হাত স্বতন্ত্র এমপি। তিনি বলেন, ‘এখন দুই হাতই আমার। দুই হাত দিয়েই আমি সরকারের উন্নয়ন করতে পারব।’

গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র ৬২ এমপিকে নিয়ে বৈঠক করেন। প্রায় তিন ঘণ্টা স্থায়ী বৈঠকে প্রধানমন্ত্রী তাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। সংসদে সরকারি দলই স্বতন্ত্র এমপিদের হুইপিং করবে। এ ছাড়া স্বতন্ত্র কোটায় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনের বিষয়টি থাকবে সংসদ নেতার হাতে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈঠক শুরু হয়। শেষ হয় সাড়ে ৯টার দিকে। বৈঠকের সূচনায় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন। পরে স্বতন্ত্র এমপিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করেন। একই সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে ৬২ আসনে স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের নেতা। ফলে সংসদে তাদের অবস্থান কী হবে তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন তারা। এমন অবস্থায় বৈঠক করে তাদের দিকনির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী। বৈঠকে ৬২ স্বতন্ত্র এমপির মধ্যে অধিকাংশই বক্তব্য রাখেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সংসদ নেতা শেখ হাসিনা স্বতন্ত্র এমপিদের বলেছেন, সরকারকে সহযোগিতাও আপনারা করবেন, সমালোচনাও। তবে সমালোচনা গঠনমূলক হতে হবে। ভবিষ্যতেও স্বতন্ত্র সংসদ সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকবেন বলে জানান দলের সভাপতি। তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “তোমরা তো একই ঘরেই আছো। ঘরের ছেলে ঘরে আছো। তবে সংসদে তোমাদের অবস্থান স্বতন্ত্রই থাকবে।”

বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্য দেশ রূপান্তরকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানান। তারা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সব স্বতন্ত্র এমপি সরকারি দলের সঙ্গে থাকতে চেয়ে বক্তব্য রেখেছেন। জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘আমি কি কাউকে ফেলে দিয়েছি? তোমরা আমার আরেক হাত। তোমাদের বিষয়টা দাঁড়িয়েছে বাড়ি সবার একটা, ঘর হয়েছে দুইটা। আর কিছুই নয়।’ এ সময় তিনি বলেন, ‘নৌকা নিয়ে যারা সংসদ থাকবে, কথাবার্তায় তাদের নানা সীমাবদ্ধতা রয়েছে। তোমাদের ক্ষেত্রে সেটা নেই।’

ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি জানতে চান ‘নেত্রী, সংসদে আমাদের হুইপিং করবে কে? স্বতন্ত্র কেউ কি হুইপ নির্বাচিত হবে?’ জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারি দলের হুইপরাই সংসদে স্বতন্ত্র এমপিদের হুইপিং করবে।’

বৈঠকে স্বতন্ত্র এমপিদের আনুপাতিক হারে সংরক্ষিত মহিলা আসনে সদস্য কারা হবেন সেই দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন স্বতন্ত্র এমপিরা। স্বতন্ত্র এমপিরা আজ নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তা অবহিত করবেন। সংরক্ষিত মহিলা সদস্য সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আমাদের কিছু ত্যাগী নেতাকর্মী আছেন, তাদের মূল্যায়ন করতে পারি না। তাদের মূল্যায়ন করব।’

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, স্বতন্ত্ররা স্বতন্ত্রই থাকবেন। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন। এই একটা বিষয় আমাদের সংসদ নেতা, দলের সভাপতি পরিষ্কারভাবে বলেছেন।

তিনি বলেন, নারী সংরক্ষিত আসনের ব্যাপারে সংসদ নেতা শেখ হাসিনা যাদের মনোনীত করবেন, তাদের প্রতি স্বতন্ত্রদের সমর্থন থাকবে বলে তারা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত