২৮ দিনেই হাজার ছাড়িয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:২৩ এএম

দেশে চলতি বছরের প্রথম মাস শেষ না হতেই ডেঙ্গু রোগী হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) বিভিন্ন হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসের গত ২৮ দিনে রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬ জনে। অর্থাৎ দৈনিক গড়ে ৩৬ জন করে রোগী পাওয়া গেছে। এ সময় মারা গেছে ১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২৩ জন, যা দৈনিক ভর্তি রোগীর ৯২ শতাংশ। বাকি দুজন ভর্তি হয়েছে ঢাকার বাইরে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ঢাকার বাইরে রোগীর সংখ্যা দাঁড়াল ৬৬৪, যা মোট রোগীর ৬৬ শতাংশ। বাকি ৩৪২ জন বা ৩৪ শতাংশ ঢাকার রোগী।

মোট রোগীর মধ্যে ৬৪ শতাংশ বা ৬৪৮ পুরুষ ও ৩৬ শতাংশ বা ৩৫৮ নারী।

করোনা শনাক্ত হার ৮ দশমিক শূন্য ৬ শতাংশ : গত ২৪ ঘণ্টায় ৪৩৪টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর ফলে গত ছয় দিনের মধ্যে পাঁচ দিনই পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার ৮ শতাংশের ওপরে রয়েছে। এর মধ্যে এক দিন শনাক্ত হার ৯ শতাংশের ওপরে ছিল। বাকি দুদিন ৯ শতাংশের কাছাকাছি ও দুদিন ৮ শতাংশের ওপরে ছিল।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ৯৯৮ ও মারা গেছে ২৯ হাজার ৪৮১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত