১৩ ফেব্রুয়ারি-১২ মার্চ কোচিং সেন্টার বন্ধ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩০ এএম

এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত এক মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতকাল রবিবার ‘এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, প্রশ্ন ফাঁসের গুজবমুুক্ত ও ইতিবাচক পরিবেশ সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির’ সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা। এবার দেশের ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসব পরীক্ষায় অংশ নেবে।

সভায় সিদ্ধান্ত হয়, কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন তিনি। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও সিদ্ধান্ত হয়, ট্রেজারি-থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না। প্রশ্নপত্র বহন কাজে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এ ধরনের কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।

সভায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত গুজব বা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে মোবাইল ফোন ও মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম এবং অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত