শেহজাদ-রিয়াদের ঝড়ে বরিশালের সংগ্রহ ১৮৬

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:০৯ পিএম

সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে আহমেদ শেহজাদ ও মাহমুদউল্লাহ রিয়াদের দারুণ ফিফটিতে ফরচুন বরিশাল সংগ্রহ করেছে ৫ উইকেটে ১৮৬ রান। প্রথম জয়ের জন্য তাই মাশরাফীর সিলেটের লক্ষ্য ১৮৭ রান।

বিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করার কীর্তিটি দীর্ঘদিন ধরে নিজের করে রেখেছেন আহমেদ শেহজাদ। বিপিএলের উদ্বোধনী মৌসুমের প্রথম সেমিফাইনালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৪০ বলে বিধ্বংসী ওই সেঞ্চুরি করে ভেঙেছিলেন ক্রিস গেইলের ৪৪ বলে করা সেঞ্চুরির রেকর্ড। ওই বছর শেহজাদ ছিলেন বরিশাল বার্নার্স দলে। সময়ের চাকা গড়িয়ে আবারও তিনি বরিশাল ফ্র্যাঞ্চাইজিতে।

এদিন শুরুতেই তামিম ইকবাল ফিরে যান ৮ বলে মাত্র ২ রান করে। টেকেননি তিনে নামা প্রীতম কুমারও। সৌম্যকে নিয়ে তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন শেহজাদ। ১৭ বলে ২০ রানে ফেরেন সৌম্য। তারপরই ৩০ বলে নিজের ফিফটি পূর্ণ করেন শেহজাদ। বেনি হাওয়েলের বলে তার হাতেই ক্যাচ দেওয়ার সময় তার রান ৪১ বলে ৬৬। ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা। মুশফিকের ব্যাটও হাসেনি এদিন ১৯ বলে ২০ রানই সম্বল তার।

শেহজাদের গড়ে দেওয়া ভিতের ও্পর দাঁড়িয়ে শেষদিকে ছড়ি ঘোরান মাহমুদউল্লাহ রিয়াদ। ২৩ বলে তুলে নেন ফিফটি। মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়া তার ঝড়ো জুটিতে সংগ্রহটা বড় করে নেয় বরিশাল। শেষ তিন ওভারে অর্থাৎ ১৮ বলেই সিলেটের বোলারদের তুলোধুনো করে তোলেন ৫০ রান। রিয়াদের ব্যাট থেকে আসে ৭ চার ও ২ ছয়ে ২৪ বলে ৫১ রান। মিরাজ করেন ১ চার ও ১ ছয়ে ৬ বলে ১৫ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত