জমি বিক্রি না করায় হামলা বাড়িঘর ভাঙচুর

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:০৯ এএম

কুমিল্লার নাঙ্গলকোটে বাড়ির পাশের ফসলি জমি বিক্রি না করায় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হন। গতকাল মঙ্গলবার উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের ধুড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আজিজুর রহমান, মনজুর রহমান রুবেল, মজিবুর রহমান, আয়েশা বেগম, খুরশিদা বেগম, ফিরোজা বেগম, আবু জাকের, হিরণ, শাকিল ও পেয়ার আহম্মেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুড়িয়ারা গ্রামের মৃত মনোহর আলীর ছেলে আবু তাহেরের বাড়ির পাশে একই গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে মজিবুর রহমান, মনজুর রহমান ও আজিজুর রহমানদের একটি ফসলি জমি রয়েছে। জমিটি বিক্রি করার জন্য প্রস্তাব দিয়েছিলেন আবু তাহের ও তার ছেলেরা। এতে রাজি না হওয়াই আবু তাহের ও তার ভাই জাকেরসহ ১৫-১৬ জন মজিবুর রহমানদের বাড়িতে হামলা চালিয়ে একটি মোটরসাইকেল ও তিনটি বসতঘর ভাঙচুর করে। এ সময় সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে মনজুর রহমান জানান, আবু তাহেরদের বাড়ির পাশে তাদের একটি ফসলি জমি রয়েছে। ওই জমিতে কোনো ফসল আবাদ করলে তাহেরদের হাঁস-মুরগি তা নষ্ট করে ফেলে। এ ব্যাপারে কোনো কিছু বললে তারা হুমকি  দেন এবং তাদের কাছে জমি বিক্রি করে দিতে বলেন। কিছুদিন আগেও ধান কাটতে গেলে তারা বাধা দেন। গতকাল সকালে আবু তাহের দুই ছেলেসহ একদল লোক তাদের বাড়িতে হামলা চালিয়ে তাদের (মনজুর) তিন ভাইয়ের বসতঘর এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এতে তিনিসহ ছয়জন আহত হন।

অভিযুক্ত জয়নাল আবেদীন হিরণ বলেন, ‘আমাদের বাড়ির পাশে তাদের একটি ফসলি জমি রয়েছে। বাড়ির পানি নেমে তাদের জমির কিছু অংশ ভরাট হয়ে গেছে। আমরা বলছি তা কেটে দেব। তাদের জমির পাশে আমাদের একটি জমি রয়েছে। গত শনিবার তারা ওই জমির আল কেটে আমাদের জায়গা ভরাট করা শুরু করে। আমরা কোনো ভাই বাড়িতে না থাকায় আমার মা ফিরোজা বেগম বাধা দিলে তার চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। মঙ্গলবার সকালে আমাদের এক চাচাতো ভাইকে তারা আটক করে রাখেন। তাকে উদ্ধারে আমরা ওই বাড়িতে যাই। বাড়িঘর ভাঙচুরের বিষয়টি মিথ্যা। তারা হামলা চালিয়ে আমার মাসহ পাঁচজনকে আহত করেছে।’

নাঙ্গলকোট থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত