নেপালকে হারাল যুবারা হারাতে হবে পাকিস্তানকে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১১ এএম

সুপার সিক্স পেরিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার পথটা মোটেও সহজ নয় বাংলাদেশের। তবে সেই কঠিন পথে গতকাল কিছুটা হলেও এগিয়েছেন বাংলাদেশের যুবারা। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে পাত্তা না দিয়ে পেয়েছেন দাপুটে এক জয়। তবে এটুকুই যথেষ্ট নয়, পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচটাও জিততে হবে দাপটের সঙ্গেই।

ব্লুমফন্টেইনে বাংলাদেশের ৫ উইকেটে পাওয়া জয়ের ভিতটা তৈরি করে দেন বোলাররাই, নেপালকে ১৬৯ রানের মধ্যে আটকে দিয়ে। ১৯ রানে ৪ উইকেট নিয়ে নেপালের ব্যাটিংকে দাঁড়াতে না দেওয়ার কাজে নেতৃত্ব দেন পেসার রোহানাত দৌল্লাহ বর্ষণ, ৩৪ রানে ৩ উইকেট নেন অফ স্পিনার পারভেজ জীবন। রান তাড়ায় উদ্বোধনী ব্যাটসম্যান জিসান আলমের ৪৩ বলে ৫৫ রানের ইনিংসে কাজ সহজ হয়ে আসে বাংলাদেশের, পরে আরিফুল ইসলামের ৩৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসে ১৪৮ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা।

সেমিফাইনালে যেতে নেট রান রেট হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। নেপালের বিপক্ষে সেটিও বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৪, নেট রানরেট ০.৩৪৮। শীর্ষে থাকা ভারতের ৩ ম্যাচে ৬ পয়েন্ট, রানরেট ৩.৩২৭। দুইয়ে থাকা পাকিস্তানের ৪ পয়েন্ট, রানরেট ১.০৬৪। বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, আগামী ৩ ফেব্রুয়ারি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এ আসরে আইসিসির একমাত্র সহযোগী দেশ হিসেবে সুপার সিক্সে এসেছে নেপাল। টসে জিতে ব্যাটিং নিলেও ৮.৩ ওভারে ২৯ রান তুলতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সে ৩ উইকেট অবশ্য নেন বাংলাদেশের তিন পেসার রোহানাত, ইকবাল হোসেন ও মারুফ মৃধা।

রান তাড়ায় আশিকুর রহমান ও জিসানের উদ্বোধনী জুটিতে ওঠে ৬৭ রান। ৩৪ বলে ১৬ রান করে আশিকুর থামলেও টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা জিসান ৪৩ বলে করেন ৫৫ রান, ৬টি চারের সঙ্গে মারেন ২টি ছক্কা। মাঝে দ্রুত ২ উইকেট হারালেও আরিফুল ইসলামের ঝোড়ো ইনিংসে ২৫.২ ওভারের মধ্যেই জয় পায় বাংলাদেশ। আশিকুর ছাড়া পরের সব ব্যাটসম্যানই দ্রুত রান তোলার দিকে নজর দিয়েছেন, নেট রান রেট যে তাদের মাথায় ছিল তা বলাই যায়। তাতে সফলও হয়েছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত