বায়োগ্যাস প্ল্যান্টে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৮ এএম

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশের অরক্ষিত একটি বায়োগ্যাস প্ল্যান্টে (তরল গোবরভর্তি গর্ত) পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কড়ইতলীর এবাদুল্লা মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে অন্তত দেড় ঘণ্টা পর স্বজনরা টের পেয়ে গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া শিশুর নাম সাজ্জাদ হোসেন। সে ওই গ্রামের মোবাইল ব্যবসায়ী আক্তার হোসেনের ছোট ছেলে।

স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিশুদের জন্য বিপজ্জনক স্থানে একটি তরল গোবরভর্তি গর্ত বেড়া না দিয়ে অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। তাদের এমন গাফিলতিতে শিশুটির মৃত্যু হলো।

নিহত শিশুর স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে একটি বরইগাছের নিচে বেশ কিছু শিশু খেলা করছিল। এ সময় অনেকে গাছ থেকে বরই পেরে এখানেই খাওয়ার ব্যবস্থা করে। এ সময় ওই শিশু সাজ্জাদও তাদের সঙ্গে খেলা করছিল। সে কখন যে ওই গর্তে পড়ে যায় তা কেউ টের পায়নি। হঠাৎ তাদের সাজ্জাদের কথা মনে হলে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই গর্তে খোঁজ করে তার লাশ পায়।

সাজ্জাদের মামা শহিদুল ইসলাম বলেন, সুরুজ বাঙ্গালি নামে এক ব্যক্তির বায়োগ্যাস প্ল্যান্টের গর্তে পড়ে সে মারা গেছে। এটা একপ্রকার হত্যা।

শ্রীপুর মডেল থানার এসআই রওশন আলী বলেন, ঘটনাটির খোঁজ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত