নরসিংদীর রায়পুরায় কাজী শাহিন নামের এক প্রতিবন্ধী কিশোরকে বিরিয়ানি খাওয়ানোর কথা বলে অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) আফসান আল আলম।
এর আগে বুধবার সন্ধ্যার পর উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা গ্রাম থেকে অপহরণ করা হয় শাহিনকে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা তিনজনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেন।
অপহৃত প্রতিবন্ধী কাজী শাহিন বটিয়ারা গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে বাড়ির পাশে তরুণরা বিরিয়ানি খেয়ে সন্ধ্যার পর শাহিনকে কৌশলে অপহরণ করে। পরে রাত সাড়ে ৯টায় তারা শাহিনের চাচাতো ভাই রফিক মিয়ার ফোনে মুঠোফোনে অপহরণের ছবি পাঠিয়ে হত্যার ভয় দেখানো হয়। এ সময় এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
