বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ স্থান অর্জন করছে, যা তাদের জিডিপিতেও অবদান রাখছে। কিন্তু আমরা সে অবস্থানে এখনো পৌঁছতে পারিনি। আমাদের সম্ভাবনা রয়েছে এবং যে পলিসি সরকার তৈরি করেছে, তা পর্যটনবান্ধব।
গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত দ্বাদশ বিমান বাংলাদেশ ট্রাভেল এবং ট্যুরিজম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফারুক খান বলেন, যারা এ খাতের সঙ্গে জড়িত তাদের প্রশিক্ষণ দিতে হবে। সরকার পলিসি মেকিং করবে। বাকিটা প্রাইভেট সেক্টর করবে। পর্যটনে নিরাপত্তার কোনো সমস্যা নেই। আমি মনে করি সেবার মান আরও বাড়াতে হবে।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম বলেন, পলিসি ঠিক হলে আমরা দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারব। এখানে কিন্তু রিলিজিয়াস ট্যুরিজমে অনেক সম্ভাবনা। আমাদের কানেকটিভিটি খুব ভালো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেইন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আফতাব হোসেন প্রামাণিক, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।
