গাজীপুরের কালিয়াকৈরে হত্যাকা-ের শিকার সেই কলেজশিক্ষককে দুদিন আগে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছে তার পরিবার। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ আয়োজিত মানববন্ধনে এ দাবি করা হয়। মানববন্ধনে ওই কলেজশিক্ষকের স্ত্রী হাসিনা আক্তার বলেন, ‘গত ২৬ জানুয়ারি রাতে আসামি মজিবরের বাড়িতে গোপন মিটিং হয়। এরপর ২৮ জানুয়ারি তিনি নৃশংসভাবে হত্যাকা-ের শিকার হন। এতে বোঝা যায় যে ওইদিন রাতে তারা আমার স্বামীকে হত্যার পরিকল্পনা করে। আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি চাই।’
কালো ব্যাজ পরে মানববন্ধনে অংশ নেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ ও পাশের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যরা।
গত ২৮ জানুয়ারি বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক রেজা সাইদ আল মামুনকে পিটিয়ে হত্যা করা হয়।
