বেনোনিতে আজ পাকিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে, তাহলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে বাংলাদেশ। সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। শীর্ষ দুইয়ে থাকতে হলে রানরেটে পাকিস্তানকে পেছনে ফেলে জিততে হবে বাংলাদেশকে, তাহলেই সেমিফাইনালে দেখা হতে পারে অস্ট্রেলিয়ার সঙ্গে।
পাকিস্তানের পয়েন্ট ৬, রানরেট ১.০৬৪। বাংলাদেশের পয়েন্ট ৪, রানরেট ০.৩৪৮। এই ঘাটতি মিটিয়ে জিততে হবে সেমিফাইনালে খেলতে হলে। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি অবশ্য বেনোনি থেকে জানালেন, আগে জয়, তারপর রানরেটের চিন্তা, ‘অবশ্যই আমাদের রানরেটের একটা ব্যাপার আছে। ওইটা ব্যাক অব মাইন্ডে নিয়েই খেলতে হবে আমাদের। প্রথমে ম্যাচটা আমাদের জিততে হবে। ম্যাচটা জিততে না পারলে আসলে রানরেট নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমরা যে প্রক্রিয়া অনুসরণ করে এত দিন খেলে এসেছি, সেটাই অনুসরণ করব। এরপর টিম ম্যানেজমেন্ট থেকে যা বলে, সেটা শোনার চেষ্টা করব।’ বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ফলের চেয়ে প্রক্রিয়ার ওপরই তিনি জোর দিচ্ছেন, ‘ছয় মাস ধরে আমরা যেভাবে কাজ করছি, সেটা হচ্ছে প্রক্রিয়ার ওপর জোর দিয়ে, ফলের ওপর নয়। আমরা যদি প্রক্রিয়াটা ঠিক রাখি তাহলে ফলটা এমনিতেই ঠিক হবে। আমরা প্রতিদিনই একটু করে ভালো হতে চাই, প্রতি ম্যাচেই আগের চেয়ে ভালো খেলতে চাই। এই প্রক্রিয়াটাই ধরে রাখতে চাই।’ বাংলাদেশ এখন পর্যন্ত সব ম্যাচ খেলেছে ব্লুমফনটেইনে। এবার খেলা ইস্ট লন্ডনে। এখানে হয়েছে এখন পর্যন্ত দুটো ম্যাচ। সবশেষ ম্যাচে ২৫১ রানের পুঁজি বাঁচিয়ে স্কটল্যান্ড ৩ রানে হারায় নামিবিয়াকে।
