সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের ইঞ্জিনে করে ইয়াবা পরিবহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে এই চালান জব্দ করা হয়।
সাতক্ষীরা র্যাব-৬, সিপিসি-১-এর এএসপি নাজমুল হক গতকাল শুক্রবার দুপুর ১২টায় ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের টেকনাফ থানার নোয়াপাড়া এলাকার মজিব উল্লাহ (৩৫) ও চট্টগ্রামের উত্তর হালিশহর থানার মো. হোসেন (৪৫)।
নাজমুল হকের ভাষ্যমতে, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে দেবহাটার দক্ষিণ পারুলিয়া জেলেপাড়ায় অভিযান চালায়। এ সময় ট্রাকের ইঞ্জিনে রাখা ৩৪ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। নাজমুল হক আরও বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ট্রাক, মোবাইল এবং কিছু টাকা জব্দ করা হয়েছে।
