প্রায় মাঝপথে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। বিদেশি খেলোয়াড় নিবন্ধন উন্মুক্ত থাকায় সবসময়েই দলে বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়া লেগেই রয়েছে। শ্রীলঙ্কা-আফগানিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৯ ফেব্রুয়ারি থেকে, চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই বিপিএল দল ছাড়ছেন শ্রীলঙ্কা ও আফগানিস্তান দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। অন্যদিকে কালই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ২০ এর গ্রুপ পর্ব, দুটো দলের আসর এরই মধ্যে শেষ। বিদেশি ক্রিকেটারের খোঁজে সেদিকেই নজর ফ্র্যাঞ্চাইজিগুলোর।
রংপুর রাইডার্স সই করিয়েছে দক্ষিণ আফ্রিকার র্যসি ফন ডার ডুসেনকে। তার দল এমআই কেপটাউন এসএ২০-এ ৬ দলের ভেতর শেষ করেছে সবার শেষে। ডুসেনকে পরের ম্যাচ থেকেই মাঠে পেতে আশাবাদী রংপুর, জানিয়েছেন দলের কর্মকর্তা শানিয়ান তানিম, ‘ডুসেনের জন্য ফ্লাইট শিডিউল খোঁজা হচ্ছে। আশা করছি পরের ম্যাচ থেকেই সে আমাদের হয়ে খেলতে পারবে’।
ফরচুন বরিশাল দল থেকে চলে যাচ্ছেন দুনিথ ওয়েলেলাগে, খুলনা টাইগার্স থেকে চলে যাচ্ছেন দাসুন শানাকা। খুলনার কর্মকর্তা জানিয়েছেন, ‘শাই হোপ বলেছে অস্ট্রেলিয়ায় সিরিজ শেষে আসবে। আমরা খেলোয়াড় খুঁজছি। এসএ২০ থেকেও আসতে পারে, আইএলটি২০ থেকেও আসতে পারে।’ দুর্দান্ত ঢাকা পয়েন্ট টেবিলের ৬-এ, প্লে-অফের আশা তাদের প্রায় শেষ। যদি কোনোভাবে আশা টিকে থাকে তাহলে ভালো ক্রিকেটারের খোঁজ করবে তারা, এমনটাই জানালেন সংশ্লিষ্ট একজন। একদম তলানিতে থাকা সিলেটের প্লে-অফের আশা প্রায় শেষ, তাই নতুন খেলোয়াড় এনে শক্তি বাড়ানোর প্রচেষ্টা নেই তাদেরও।
