গত সংসদ নির্বাচনে সরকার ভিন্ন কৌশলে ভোট নিয়ে গেছে। আমাদের ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম গতকাল রবিবার টাঙ্গাইলের সখীপুরের গড়গোবিন্দপুর সোনার তরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পরবর্তী কর্মিসভায় এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভোটে হারার পর আমাদের সমর্থন আরও ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই আমরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও অংশগ্রহণ করব।’
এছাড়া উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
কর্মিসভায় কৃষক শ্রমিক জনতা লীগ সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার লাল, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ।
