পুলিশের কেউ অপরাধ করলে ছাড় নয় : আইজিপি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৭ এএম

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় নগর-পুলিশের (সিএমপি) সঙ্গে নৌ-পুলিশের সমন্বয় দরকার বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল রবিবার সকালে নগরের কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর নৌ-পুলিশ তদন্তকেন্দ্র উদ্বোধন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ‘এখানে চট্টগ্রাম বন্দর আছে। ডাঙ্গারচর নৌ-তদন্ত চালুর ফলে বন্দরের কাজ আরও গতিশীল হবে। সেজন্য বন্দর থানার পাশাপাশি বন্দর ডিভিশন আছে। শুধু বন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে তা নয়, বন্দর এলাকার নিরাপত্তার জন্য সিএমপির সঙ্গে এই ইউনিটের (নৌ-পুলিশ) সমন্বয় থাকা দরকার। আমি মনে করি, নদীর নিরাপত্তার জন্য এই নৌ-তদন্তকেন্দ্র ও নৌ-পুলিশ ফলপ্রসূভাবে কাজ করবে।’

পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়ে আইজিপি বলেন, এমন ঘটনা সংঘটিত হলে একজন ম্যাজিস্ট্রেটের সামনে মরদেহের সুরতহাল করা হয়ে থাকে। ডাক্তারের মতামত, পোস্টমর্টেম ও তদন্তের ভিত্তিতে যে তথ্য উঠে আসে সেটি নিয়ে সব সময় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আমাদের কেউ অপরাধ করলে তাকেও ছাড় দিচ্ছি না। পুলিশ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে মানুষের নিরাপত্তার জন্য কাজ করছে। তবুও অনাকাক্সিক্ষত কিছু ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত