বগুড়ার আদমদীঘির সান্তাহারে মাদক সেবনের দায়ে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন কাঞ্চনসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন।
দন্ডিতরা হলেন যুবলীগ নেতা শাহাবুদ্দিন কাঞ্চন, মানিক হোসেন, মো. খুকু, রাসেল রানা ও নাহিদ হাসান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে শাহাবুদ্দিন কাঞ্চনকে ৫ দিনের, মানিক হোসেনকে ৪৫ দিনের, খুকুকে ১ মাসের, রাসেলকে ৭ দিনের এবং নাহিদকে ৭ দিনের কারাদন্ড দেওয়া হয়। এর পাশাপাশি তাদের প্রত্যেককে বিভিন্ন অঙ্কের জরিমানাও করা হয়।
